নাটোরের গুরুদাসপুরে বাড়ির লোকজনকে ঘরের ভেতরে আটকে রেখে পিকআপে করে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলো কৃষক আব্দুল জলিলের। তাঁর বাড়ি থেকে দুটি গাভি, একটি এঁড়ে গরু ও দুটি বকনা বাছুর নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৬-৭ জনের একটি দল পিকআপ নিয়ে আব্দুল জলিলের বাড়িতে আসে। তারা বাড়ির প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর গোয়ালঘর থেকে একে একে পাঁচটি গরু পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা দরজার ছিটকিনি খুলে দিলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে গরু চুরির বিষয়টি জানতে পারেন। এরপর তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
স্থানীয়দের দাবি, এর আগেও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপে করে গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া ট্রান্সফরমার চুরি, ছিনতাই, লুটপাট, জবরদখল ও হত্যার মতো ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। শান্তিপ্রিয় হিসেবে পরিচিত গুরুদাসপুরে বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, “ঘটনাটি শোনামাত্রই পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রকৃত চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জ/উ