হেলিকপ্টারে চড়ে এলাকায় এসে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেছেন ইতালি প্রবাসী ও বিএনপি নেতা আলতাফ হোসেন বশির। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের এই কৃতী সন্তানের হেলিকপ্টারে আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন এলাকাবাসী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যাকুট হাইস্কুল মাঠে আলতাফ হোসেন বশিরকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও খেলোয়াড়েরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। দীর্ঘদিন পর এলাকার প্রিয় মানুষকে একনজর দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আলতাফ হোসেন বশির বলেন, এলাকার মানুষ আমাকে এতটা ভালোবাসেন, তা আগে কখনো এভাবে উপলব্ধি করতে পারিনি। মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি জনগণের নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নবীনগরের অভিভাবক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের হাতকে শক্তিশালী করে তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় বিদ্যাকুট ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নশীল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। এ জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
অনুষ্ঠানে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, সদস্য ইদ্রিস খান, পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ কালন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
এদিকে, হেলিকপ্টারে করে বশিরের আগমন ও তাঁকে ঘিরে মানুষের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যেও ছিল আলোচনা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে অনেকেই আনন্দিত হয়েছেন। একজন প্রিয় মানুষকে এমন ব্যতিক্রমী আয়োজনে এলাকায় আসতে দেখে তাঁরা উৎসাহিত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আলতাফ হোসেন বশির ভবিষ্যতেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সুখে-দুঃখে তাঁদের পাশে থাকবেন।
হেলিকপ্টারে আগমন, ফুলেল সংবর্ধনা এবং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দিনভর বিদ্যাকুট ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।