গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, কলেজ সরকারি ছুটিতে থাকায় গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি চলে যান। পরে বেলা পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাঁকে জানান, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ কারণে কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে।
এদিকে কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি বলে দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন।
জ/শা