দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা ও মোংলা সফর। এ সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। এ সময় প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাবনাও গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ানে প্রস্তুতি চলছে। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তাঁকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসবেন। এটি একটি সরকারি সফর। সেখানে স্থানীয় কোনো কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এলাকার মানুষ তাঁকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি বন্দরের জেটি পরিদর্শন করবেন। এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা গুরুত্ব পাবে।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এসব সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ আরও গতি পাবে।
এদিকে, আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন তিনি।
সুন্দরবন পর্যবেক্ষণ থেকে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন—প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রকৃতি সংরক্ষণ, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আরও এগিয়ে যাবে।
জ/শা