ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদন করবেন যেভাবে

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

2026-10-18T09:02:58+06:00
2026-10-18T09:02:58+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদন করবেন যেভাবে
অর্থনীতি ডেস্ক
⏲ ৯:০২ এএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাঁদের অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন নেওয়া হয়। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়, ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

প্রাথমিক পর্যায়ের আট জেলা বাদে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণেরা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

কর্মসূচিটির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।

আবেদনের যোগ্যতা ও শর্ত

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা অথবা সম্ভাবনাময় কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকেই ব্যবসা পরিচালনা করার বাধ্যবাধকতা নেই।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নিয়েছেন, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন কিংবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন—এমন ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জ/শা


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  তরুণদের উদ্যোক্তা  ব্যাংকঋণ 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত