সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, ‘আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনসম্পৃক্ত এবং দলীয় নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
রিজভী আরও বলেন, বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলিসম্পন্ন সালাহউদ্দিন আহমেদ সবার কাছে একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ ছিলেন।
শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এ শোক সইবার শক্তি দানের জন্য প্রার্থনা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার পরিচিত এই নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জ/শা