শাকিব খানের ‘মহব্বত’ দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক আরএনএআরের

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-13T20:20:31+06:00
2026-10-13T20:23:56+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
শাকিব খানের ‘মহব্বত’ দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক আরএনএআরের
বিনোদন ডেস্ক
⏲ ৮:২০ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইউটিউবে সিনেমার বিশ্লেষণ করে পরিচিতি পাওয়া রাশেদুজ্জামান রাকিব এবার বড় পর্দার সিনেমায় নাম লেখাচ্ছেন। ‘আরএনএআর’ নামে পরিচিত এই ইউটিউবারের চিত্রনাট্যেই নির্মিত হতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘মহব্বত’। এর মধ্য দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি পোস্টারের মাধ্যমে নিজেই এ খবর জানান রাকিব। একই পোস্ট দিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফও। পোস্টারে লেখা হয়েছে, “সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন ‘মহব্বত’ দিয়ে।”

সিনেমার সমালোচনা ও বিশ্লেষণের জন্য রাকিবের ইউটিউব চ্যানেলটি বেশ জনপ্রিয়। দর্শকদের মধ্যেও তাঁর বিশ্লেষণের গ্রহণযোগ্যতা রয়েছে। এবার বিশ্লেষকের পরিচয় ছাড়িয়ে চিত্রনাট্যকার হিসেবে তাঁর কাজ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যাঁরা এত দিন তাঁর সিনেমা বিশ্লেষণ উপভোগ করেছেন, তাঁরা এবার জানতে আগ্রহী-গল্প ও চিত্রনাট্য নির্মাণে রাকিব কতটা দক্ষতার পরিচয় দিতে পারেন।

‘মহব্বত’-এর আগে পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। আগের দুই সিনেমার মতো নতুন সিনেমাটিও প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। ফলে ‘মহব্বত’ দিয়ে শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজনা প্রতিষ্ঠানটি সাফল্যের হ্যাটট্রিক করতে পারে কি না, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।

এদিকে, ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিনেমাটিতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন-এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে নির্মাতারা সেই গুঞ্জন নাকচ করে দিয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত