অভিনয়ে কখনো রহস্যময়, কখনো গম্ভীর, আবার কখনো ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হন নাজিফা তুষি। পর্দায় তাঁর ব্যক্তিত্ব দেখে অনেকের মনেই তাঁকে ঘিরে নানা ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তব জীবনে নিজেকে একেবারেই সহজ ও মজার মানুষ বলে দাবি করেন এই অভিনেত্রী।
তাঁর ভাষ্য, অনেকেই তাঁকে পছন্দ করার কথা জানালেও সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস দেখান না। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) এই অভিনেত্রীর জন্মদিনে ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর এমন খোলামেলা মন্তব্যও আলোচনায় এসেছে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে গণমাধ্যমের একটি আয়োজনের আলাপচারিতায় তুষির কাছে জানতে চাওয়া হয়, তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা যেমন কঠিন, বাস্তব জীবনেও কি তাঁর সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি তাঁকে ভয় পায়?
জবাবে নাজিফা তুষি জানান, তাঁকে নিয়ে অনেকের ধারণা, তাঁর জীবনে হয়তো অনেক প্রেমিক রয়েছেন। এ কারণে অনেকে নিজেদের মনের কথা প্রকাশ করতে দ্বিধা করেন বলে মনে করেন তিনি। তবে বাস্তবতা যে ভিন্ন, তা স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’
অভিনেত্রীর ভাষ্য, তাঁকে ভালো লাগার কথা অনেকেই জানান। তবে সেই ভালো লাগা শেষ পর্যন্ত প্রেমের প্রস্তাবে গড়ায় না। তিনি বলেন, ‘সবাই খালি বলে, হ্যাঁ মেয়েটা ভালো। পছন্দ হয়।’ অর্থাৎ, তাঁকে পছন্দ করার কথা স্বীকার করলেও সরাসরি সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিতে অনেকেই পিছিয়ে থাকেন।
নিজের স্বভাব সম্পর্কে প্রচলিত ধারণা ভেঙে তুষি আরও বলেন, ‘এমনটা মোটেই না। আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’
‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি পান নাজিফা তুষি। এরপর বৈচিত্র্যময় অভিনয় ও ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছেন তিনি। ‘রেশমা’, ‘সাধুর বউ’, ‘অ্যানি’, ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’সহ তাঁর বিভিন্ন কাজ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।
জন্মদিনে ভক্তদের প্রত্যাশা, নতুন নতুন কাজের পাশাপাশি তুষির ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল রয়েছে। পর্দায় যাঁর উপস্থিতি দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি করে, বাস্তব জীবনে সেই অভিনেত্রীর সরল স্বীকারোক্তি-তাঁকে পছন্দ করার কথা অনেকেই বললেও প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সাহস দেখান না কেউ।
জ/উ