ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কিরাত, হাদিস পাঠ, মাসয়ালা-মাসায়েল, দৈনন্দিন দোয়া ও ইসলামী গজলসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কোরআন-হাদিসের শিক্ষা চর্চা, ইসলামী অনুশাসন অনুসরণ এবং উত্তম চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জ/বা