পতিত আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে অবস্থান করে দেশবিরোধী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ ১৯৯৬ এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের, জনগণের ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই চক্রান্ত মোকাবিলা করেছিল।
তিনি আরও বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশের স্বার্থ এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি সেসব চক্রান্ত মোকাবিলা করেছে।
বর্তমান সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে রাশেদ খান বলেন, জনগণের দৃঢ় সমর্থন ও সহযোগিতায় বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জ/শা