দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
জ/উ