প্রেক্ষাগৃহে ১০০ দিন ‘আজও অর্ধাঙ্গিনী’, উচ্ছ্বসিত জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-13T20:12:36+06:00
2026-10-13T20:12:36+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
প্রেক্ষাগৃহে ১০০ দিন ‘আজও অর্ধাঙ্গিনী’, উচ্ছ্বসিত জয়া আহসান
বিনোদন ডেস্ক
⏲ ৮:১২ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
জয়া আহসান
প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ দিন পূর্ণ করেছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এ উপলক্ষে সিনেমাটির সহশিল্পী চূর্ণী গাঙ্গুলী, পরিচালক কৌশিক গাঙ্গুলী ও প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে শততম দিনের উদযাপনে অংশ নেন জয়া।

বাংলাদেশের এই অভিনেত্রীর জন্য সাফল্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, মুক্তির তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এখনো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

গতকাল সোমবার দুপুরে কলকাতায় ‘হান্ড্রেড ডেজ সেলিব্রেশন’ লেখা কেক কেটে উদযাপন করেন জয়া ও চূর্ণী। পরে পরিচালক কৌশিক গাঙ্গুলী ও তাঁর স্ত্রী চূর্ণীকে কেক খাইয়ে দেন জয়া। উদযাপনের মুহূর্তগুলো অভিনেত্রীর ফেসবুক পেজের লাইভেও দেখা গেছে।

‘এখনো দর্শক দেখছেন, এটা আনন্দের’
সিনেমাটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, “আজও অর্ধাঙ্গিনী’ ১০০ দিনের মাইলফলক পেরিয়েছে। কৌশিকদার সঙ্গে আমার করা সব কাজই ১০০ দিন কিংবা ১৫০ দিনের বেশি সময় ধরে চলেছে। এটি সত্যিই খুব ভালো লাগার। এখনো কলকাতার প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, দর্শক দেখছেন-এটা আনন্দের।”

বাংলাদেশের দর্শকেরা কোথায় সিনেমাটি দেখতে পারবেন, সে বিষয়েও কথা বলেন তিনি। জয়া বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, এটি কোথায় ও কবে দেখা যাবে। বাংলাদেশের দর্শক চাইলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখতে পারবেন। আমার মনে হয়, পরিণত রুচির দর্শকের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা।”

গত ১০ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম কিস্তিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পর দর্শকের ভালোবাসা এবং প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের আগ্রহে নির্মিত হয় নতুন সিনেমাটি।

এতে আবারও মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সুমন চরিত্রে রয়েছেন কৌশিক সেন এবং শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী।

‘অর্ধাঙ্গিনী’ শব্দের তাৎপর্য নিয়ে জয়ার ভাবনা
‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির সময় সিনেমার নামের তাৎপর্য এবং নারীর পরিচয় নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন জয়া আহসান। তাঁর মতে, সিনেমার নামকরণে ‘অর্ধাঙ্গিনী’ শব্দটি ব্যবহারের পেছনে রয়েছে সচেতন ভাবনা।

এ প্রসঙ্গে জয়া বলেন, “আমরা নারীবাদী দৃষ্টিকোণ থেকে অনেক সময় ভাবি, কেন একজন নারীকে ‘বেটার হাফ’ বা ‘অন্য অর্ধেক’ বলা হবে? একজন নারীর পূর্ণ পরিচয় তো তাঁর ব্যক্তিত্বে। তিনি প্রথমত একজন মানুষ, তারপর নারী। আমার কাছে এ ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিনেমাটিও সে বিষয়কেই গভীরভাবে তুলে ধরে।”

কৌশিক গাঙ্গুলীর সঙ্গে জয়ার পুরস্কারজয়ী পথচলা
পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জয়া আহসানের অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ২০১৭ সালে ‘বিসর্জন’ সিনেমার মাধ্যমে প্রথমবার তাঁর পরিচালনায় অভিনয় করেন জয়া। এ সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

এরপর ২০১৯ সালে ‘বিজয়া’ সিনেমায় আবারও পদ্মা চরিত্রে অভিনয় করেন জয়া। ‘বিজয়া’ ও অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও পান তিনি।

এ ছাড়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সপ্তম আসরে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতেন জয়া। ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য ২০২২ সালে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান এই অভিনেত্রী।

সব মিলিয়ে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় করা সিনেমাগুলো জয়ার পুরস্কারজয়ী অভিনয়জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

এই নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “মানুষের সম্পর্ক, আবেগ এবং জীবনের সূক্ষ্ম বিষয়গুলো কৌশিক গাঙ্গুলী যেভাবে বোঝেন, তা সত্যিই অসাধারণ। আমার মনে হয়, সম্পর্কের গল্প তিনি যেভাবে বলতে পারেন, খুব কম নির্মাতাই সেভাবে পারেন। আর একজন অভিনেতা বা অভিনেত্রী যদি এমন শক্তিশালী সংলাপ ও ভালো লেখা হাতে পান, তাহলে অভিনয়ও অনেক স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়।”

কলকাতায় ব্যস্ত জয়া, ঢালিউডে নতুন সিনেমার অপেক্ষা
চলতি বছর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ওসিডি’। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এই নির্মাতার পরবর্তী সিনেমা ‘কালান্তর’-এও অভিনয় করবেন জয়া। এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভূতপরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

অন্যদিকে, চলতি বছর এখনো ঢালিউডে মুক্তি পায়নি জয়া আহসান অভিনীত কোনো সিনেমা। তবে কলকাতার প্রেক্ষাগৃহে ‘আজও অর্ধাঙ্গিনী’র ধারাবাহিক প্রদর্শন এবং শততম দিনের উদযাপন পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় তাঁর উপস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত