আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইরান। এ প্রস্তুতির অংশ হিসেবে দেশটির পারমাণবিক স্থাপনা ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।
একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে স্থল অভিযান চালানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন ইরানের কয়েকজন কর্মকর্তা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের তৎপরতা দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবে ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষকে প্রস্তুত করার দিকেও নজর দিচ্ছে। কিন্ডারগার্টেনের শিশুদের যুদ্ধের গল্প পড়ে শোনাতে আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে আকাশ প্রতিরক্ষার অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সংঘাত আবার শুরু হলে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে তেহরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টাও থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবকেও সতর্ক করেছে ইরান। দেশটির তেল স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে রিয়াদকে জানিয়েছে তেহরান।
তবে এসব সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা নির্দিষ্ট সময়সূচি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে এগোবে কি না, তা এখনো অনিশ্চিত।
জ/উ