ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে জন্মদিন উপলক্ষে ‘বার্থডে গার্ল’ লুকে দেখা গেছে। গতকাল রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা বেশ কয়েকটি নজরকাড়া ছবি শেয়ার করেন তিনি।
ছবিগুলোতে স্টাইলিশ পোশাকে হাতে কেক নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রোববারের প্রথম প্রহরে। বিশেষ এই মুহূর্তে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’
এর আগের দিনও জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছিলেন এই নায়িকা। সাদাকালো আবহে তৈরি ওই ভিডিও ও ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অপু বিশ্বাসের ‘বার্থডে গার্ল’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাঁর সাজ ও ছবির প্রশংসা করার পাশাপাশি ক্যাপশনে ব্যবহৃত ‘গার্ল’ শব্দটি নিয়েও মন্তব্য করেছেন অনেকে। তাঁদের কারও কারও মতে, অপু বিশ্বাস এখন আর ‘গার্ল’ নন, বরং একজন ‘নারী’। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
এ ছাড়া তাঁর পোশাক নিয়েও আলোচনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তবে এসব আলোচনার পাশাপাশি অধিকাংশ ভক্তই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
জ/উ