‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ এবং আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগের সময় করণীয়, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করা এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জ/উ