সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল-‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মালাকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, ফায়ার সার্ভিসের টিম ম্যানেজার শুজিবর রহমান, শিক্ষক আবুল কালাম ও সুশীলনের সিডিও মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার অনুষ্ঠানটি পরিচালনা করেন। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও মহড়ায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা জোরদারের মাধ্যমে দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ/উ