চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে ডিএসসিসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T11:57:30+06:00
2026-10-13T11:57:30+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে ডিএসসিসি
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৫৭ এএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, ব্যাগ তৈরির একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এর আশপাশে তৈরি পোশাকের একাধিক দোকান ও কারখানা ছিল। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অযথা ভিড় না করে ফায়ার সার্ভিস কর্মীদের কাজের সুযোগ দিলে পরিস্থিতি দ্রুত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চকবাজার এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, পুরান ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে কেমিক্যাল লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। ফলে রাসায়নিক পদার্থ-সংশ্লিষ্ট বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আগের তুলনায় অনেক কমেছে।

অগ্নিকাণ্ডের সময় পানির স্বল্পতা নিয়ে প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকার বর্তমান সংকটাপন্ন অবকাঠামোগত পরিস্থিতি একদিনে তৈরি হয়নি এবং এটি বর্তমান প্রশাসনের সৃষ্টি নয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরান ঢাকার পুকুরগুলো সংরক্ষণ ও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজও হাতে নেওয়া হয়েছে।

মার্কেট ও বসতবাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, ‘এটি কেবল আইন করে বাধ্যতামূলক করার বিষয় নয়, নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষার স্বার্থেই সবার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা জরুরি। আজকের এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশপাশের মার্কেট ও ভবনগুলোতে যথাযথ সুরক্ষাব্যবস্থা রাখা হলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা অনেক কম হতো।’

তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, চকবাজারের রাস্তাঘাট দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারত। তাই যত্রতত্র অবৈধ দোকান না বসানো এবং রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচল ও জরুরি সেবার জন্য উন্মুক্ত রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

এর আগে গতকাল বিকেলে চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে অবস্থিত ‘মনজুর খান প্লাজা’র ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত