রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোছা. নুসরাত জাহান জাহালিকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নুসরাত মোহাম্মদপুরের হামিম মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর বড় বোন প্রীতি আক্তার জানান, দুপুরে চাঁদ উদ্যানের ভাড়া বাসার পাশের একটি ভবনের তিনতলার ছাদে খেলাধুলা করছিল নুসরাত। এ সময় পাশাপাশি দুটি ভবনের ছাদে যাতায়াতের চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
পরে নুসরাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী মো. সজিবের মেয়ে। সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় থাকত। তিন বোনের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।
জ/উ