পাটের দাম সহনীয়, ক্রয়কেন্দ্র চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-10T19:44:11+06:00
2026-10-10T19:44:11+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
পাটের দাম সহনীয়, ক্রয়কেন্দ্র চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৪ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
দেশে পাটের মূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। পাটচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সরাসরি বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বস্তি ও শান্তি নিশ্চিত করার পাশাপাশি সবার বসবাসের উপযোগী সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ চলছে। মওলানা ভাসানীর কর্মময় জীবন এ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

পাটচাষিদের সুবিধা বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের সরাসরি বীজ, সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। গত ১৭ বছর ধরে বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীরা দাদনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্যমূল্য কেড়ে নিতে না পারে। কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের যথাযথ দাম পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামসহ অন্যরা।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত