ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি পূরণে এখনও ব্যর্থ হলেও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিজের প্রাপ্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন তিনি।
গতকাল বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমি জানি না।’ আগামী শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে।
নোবেল কমিটির ‘আমার মতো মানুষকে’ পুরস্কার না দেওয়ার একটি পরিচিতি বা সুনাম রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
গত বছর দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিজের প্রাপ্য বলে বারবার দাবি করে আসছেন তিনি। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন সেই সময় এসেছে।’
গত বছরের পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবার প্রাপক নিজেই এটিকে পরোক্ষভাবে আমাকে দেওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম’, যিনি বলেছিলেন, ‘ইতিহাসে অন্য কেউ প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এর বেশি যোগ্য নয়।’
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো গত জানুয়ারিতে পুরস্কারের পদকটি ট্রাম্পকে দেন। ভেনেজুয়েলায় নিজের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন মাচাদো।
ট্রাম্পের দাবি, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন তিনি। এ কারণে নোবেল শান্তি পুরস্কার তার পাওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তবে এসব মনোনয়নের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করার কোনো উপায় নেই।
ট্রাম্প যেসব সংঘাত সমাধানের দাবি করেছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তার কূটনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছে। তার মধ্যস্থতার পরও কিছু অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর মধ্যে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের পরিস্থিতিও রয়েছে।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও অবসান ঘটাতে পারেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সাত মাস ধরে চলা সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলেছে। এর ফলে গ্যাসের দামও বেড়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদকের নাম রয়েছে। সূত্র: রয়টার্স
জ/উ