বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হালনাগাদ তথ্যেও সফরের তারিখ নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে ফরিদা শহীদ দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।
সফরে বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে শিক্ষার অধিকার নিয়ে তার ম্যান্ডেটও এ বিষয়গুলো পর্যালোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশে অবস্থানকালে ফরিদা শহীদ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।
সফর শেষে তিনি বাংলাদেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের পরিস্থিতি, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরবেন।
জ/উ