হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, ট্যাংকারে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর আল-জাজিরার।
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্যাংকারে রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালির জাহাজ চলাচলেও।
কেপলারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (৬ অক্টোবর) মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ২৩ জুলাইয়ের পর এটিই প্রণালিটি দিয়ে চলাচল করা জাহাজের সর্বনিম্ন সংখ্যা।
কেপলারের বিশ্লেষক ইমানুয়েল বেলোস্ট্রিনো ও ইউই তোরিকাতা জানিয়েছেন, আগের সপ্তাহে যুদ্ধকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর তুলনায় হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন ২৭ শতাংশ কমেছে। বর্তমানে প্রতিদিন অন্তত ১ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই নৌপথ দিয়ে পরিবহন হচ্ছে।
তবে এই পরিমাণ সেপ্টেম্বরে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহনের গড় মাত্রার কাছাকাছি। একই সঙ্গে যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমান পরিবহন ৭৪ শতাংশ কম।
গতকাল বুধবার (৭ অক্টোবর) হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কিছুটা বেড়ে ১০টিতে দাঁড়ায়। যদিও এর আগের রোববার ও সোমবার প্রতিদিন ২০টির বেশি জাহাজ প্রণালিটি ব্যবহার করেছিল। সেই তুলনায় বুধবারের জাহাজ চলাচল ছিল অনেক কম।
কেপলারের তথ্য আরও বলছে, গত দুই দিনে হরমুজ প্রণালিতে প্রবেশ করা জাহাজের সংখ্যা প্রণালি দিয়ে বের হয়ে যাওয়া জাহাজের চেয়ে বেশি ছিল। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের স্বাভাবিক প্রবাহেও পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
জ/উ