সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

2026-10-08T11:11:47+06:00
2026-10-08T11:11:47+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:১১ এএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বর্তমানে অধ্যাপক জামাল উদ্দিন অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, জুলাই আন্দোলনের সময় অধ্যাপক জামাল উদ্দিন শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দিয়েছিলেন এবং তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত সরকারের বিভিন্ন অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, অধ্যাপক জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক। তাকে মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে।

উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত অধ্যাপক জামাল উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পল্টন থানার মামলাটিতে অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ অক্টোবর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. নুরুজ্জামান। তাকে আদালতে হাজির করে এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা ও নির্দেশদাতারা নাশকতার উদ্দেশ্যে রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন। ওই সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৪০ থেকে ১৫০ জন সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করে। পরে তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে দাবি করে পুলিশ।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের আদর্শ সমর্থন, অপরাধের ষড়যন্ত্র এবং সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার সঙ্গে অধ্যাপক জামাল উদ্দিনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এর আগে গত ১১ মার্চ রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকায় একটি পদযাত্রা কর্মসূচি থেকে অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এবার একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।

জ/শা


  বিষয়:   সন্ত্রাসবিরোধী আইন  মামলা  গ্রেপ্তার  ঢাবি শিক্ষক  জামাল উদ্দিন 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত