চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপু (২৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (৫ অক্টোবর) নগরীর বায়েজিদ থানাধীন পাহাড়ী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-সাবেক র্যাব) চট্টগ্রাম ইউনিট।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, কোতোয়ালী থানায় গত ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন অপু বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ী আবাসিক এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি আরও জানায়, সিডিএমএস (কেস ডাটাবেজ) পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে আরও পাঁচটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইলিয়াস হোসেন অপুকে কোতোয়ালী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
জ/উ