জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে প্রবাসীদের ভিসার কপি ও বিদেশে বসবাসের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এ জন্য প্রবাসী নাগরিকদের জন্য পৃথক আবেদন ফরম চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, বর্তমান আবেদন ব্যবস্থায় প্রবাসী নাগরিকদের আবেদন আলাদাভাবে শনাক্ত করতে সময় লাগে। এ কারণে আবেদনের শুরুতেই প্রবাসীদের শনাক্ত করার জন্য পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের জন্য প্রস্তাবিত পৃথক আবেদন ফরমের প্রথম অংশে আবেদনকারীর নাম, কোন দেশে বসবাস করছেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কি না, পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর এবং বিদেশে বসবাসের ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিতে হবে।
ফরমের দ্বিতীয় অংশে আবেদনকারীর বাবা-মা, সব ভাই-বোন এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। এর পাশাপাশি আবেদনের সঙ্গে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।
এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এনআইডি সংশোধন সহজ করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, যাতে আবেদনগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়।’
ইসি সূত্র জানায়, বর্তমানে দেশে বসবাসরত ও প্রবাসী নাগরিকদের মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
জ/উ