সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করেছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।’
এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এ ছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল।
জ/উ