বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজসংলগ্ন চরে আয়োজিত ‘মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কাজের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ফেনী মহিলা সংরক্ষিত আসনের এমপি রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী পৃথক কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। ফুলগাজী উপজেলায় তাঁর মায়ের স্মৃতিবিজড়িত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এরপর ফুলগাজী উপজেলায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বিকেলে ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে কৃষক ও ফ্যামিলি কার্ডধারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদের মাঝে সম্মানিও প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ/উ