ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত মামুন হোসেন মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাড়াপোতা থেকে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান ভৈরবার দিকে যাচ্ছিল। পথে কুল্লাপাড়া জামে মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরটি ভৈরবা থেকে নেপার দিকে যাচ্ছিল।
সংঘর্ষে পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মামুন হোসেন নিহত হন। দুর্ঘটনায় ভ্যানে থাকা গাড়াপোতা গ্রামের ইশারন বেগম (৫৫), জান্নাতুল (২২), কামরুল (৬০), ছোট খাতুন (৩০) ও মশিয়ার (৩৫) আহত হন।
স্থানীয়রা আহত জান্নাতুল, মশিয়ার ও কামরুলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত ইশারন বেগম ও ছোট খাতুনকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাক্টরচালক ঘটনাস্থলে ট্রাক্টরটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
জ/উ