রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা করেছে ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জ/উ