এমপি শাহাদাত সেলিমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-01T17:01:29+06:00
2026-10-01T17:01:29+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
এমপি শাহাদাত সেলিমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
⏲ ৫:০১ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আইনজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আইনজীবী ওমর ফারুক তুষার এই নোটিশ পাঠান। রামগঞ্জে এমপি শাহাদাত হোসেন সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবীদের নিয়ে সংসদ সদস্যের বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে সাত দিনের মধ্যে তা লিখিতভাবে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম। সেখানে আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যে ভালমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি। আইনজীবীরা দু-চার-দশ টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করাইয়া থাকে।’

পরে ওই বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় একাধিক আইনজীবী বক্তব্যটির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন।

এমপি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার এই হুজুরি মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করলাম। আমার মনে হয় আপনি সচেতন অবস্থায় এই মন্তব্য করেননি। এই মন্তব্য প্রত্যাহার করুন।’

এদিকে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রিহ্যাবে পাঠানো হোক।’ পোস্টের কমেন্টসে তিনি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যের একটি ফটোকার্ডও দেন।

লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার বলেন, বিচার ব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে শাহাদাত সেলিমের ‘ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ’ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তার দাবি, সংবিধানের অনুচ্ছেদ ২৭-এর পরিপন্থী বক্তব্যের মাধ্যমে আইনজীবী সমাজের মান-সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই মানহানিকর বক্তব্যের কারণে বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। একই সঙ্গে আইনজীবী সমাজের পেশাগত সুনাম ও মর্যাদার অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, ‘লিগ্যাল নোটিশটি এখনো পাইনি, তবে শুনেছি। লিগ্যাল নোটিশ পেলে আমার আইনজীবীকে দিয়ে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ এদিক-সেদিক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিতর্কিত করা হয়েছে। মূলত মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উকিলদের নিয়ে মন্তব্য করা হয়। তবে সেটি কারও ইমেজে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।’

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত