কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-01T16:42:44+06:00
2026-10-01T16:42:44+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:৪২ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কানাডার একটি সরকারি ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট দিয়ে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে। তবে কানাডা সরকার জানিয়েছে, এ ঘটনায় সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সলুস ঘটনাটিকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে।

গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকিংয়ের চেষ্টায় ব্যবহৃত কৌশলগুলো অতীতে ওপেনএআইয়ের একটি এজেন্টের কার্যক্রমে দেখা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এ ঘটনার জন্য ওপেনএআইকে নিশ্চিতভাবে দায়ী করেনি ট্রান্সলুস।

এক ব্লগ পোস্টে ট্রান্সলুস জানায়, গত ২৮ মে ও ৯ জুন এআই এজেন্টগুলো ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি গত সোমবার কানাডা সরকারকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ গত মঙ্গলবার জানায়, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যক্রমের বিষয়ে তারা অবগত। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বর্তমানে সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’

এদিকে ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের মডেলগুলোর কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ওপেনএআই এসব প্রতিবেদন পর্যালোচনা করছে এবং সরকারি পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডীয় কর্মকর্তাদের প্রাথমিক তথ্য সরবরাহ করেছে।

ট্রান্সলুসের তথ্য অনুযায়ী, গত ২৮ মে পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ এবং ৯ জুন লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করা হয়। এসব অনুরোধের মধ্যে প্রাথমিক পর্যায়ের কিছু হ্যাকিং প্রচেষ্টাও ছিল, যেগুলো দৃশ্যত ব্যর্থ হয়েছে।

এআই এজেন্ট নিয়ে বাড়ছে উদ্বেগ

মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো সতর্ক করে আসছে। একই সঙ্গে ক্রমবর্ধমান শক্তিশালী এই প্রযুক্তির ব্যবহার ও পরিচালনা নিয়ে সরকারগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। তবে এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ্বজুড়ে সরকারগুলোকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের বিভিন্ন ঘটনা কানাডা সরকার ও বিশ্বের বিভিন্ন কোম্পানির উদ্বেগ বাড়িয়েছে বলে জানিয়েছে ট্রান্সলুস।

এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, গত জুনে একটি ওপেনএআই এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালের নিরাপত্তা ভেঙে বিভিন্ন ফাইলে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের এটিই প্রথম ঘটনা ছিল বলে জানায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওই অনিয়ন্ত্রিত এআই এজেন্টের হ্যাকিংয়ের ঘটনায় গত মঙ্গলবার ক্ষমা চেয়েছে ওপেনএআই।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত