যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-01T16:39:13+06:00
2026-10-01T16:39:13+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:৩৯ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়া ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পের জন্য ৫৪ বিলিয়ন ডলারের পাইপলাইন নির্মাণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সিউল।

স্থানীয় সময় গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিস থেকে দেওয়া ঘোষণায় ট্রাম্প দক্ষিণ কোরিয়ার এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছর ওয়াশিংটনের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে মোট ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছিল দক্ষিণ কোরিয়া। এর মধ্যে জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলার এবং কৌশলগত বিনিয়োগ হিসেবে আরও ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে চুক্তিগুলো করেছে, তার আওতায় তারা ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রস্তাবিত বিনিয়োগের আওতায় আটটি বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপন এবং টেক্সাসে ৬ গিগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ঘোষিত অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তির সর্বশেষ সংযোজন এটি। ইরান যুদ্ধ এবং জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে ভোটারদের উদ্বেগের মধ্যে নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

তবে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, নির্দিষ্ট বাণিজ্যিক ও আইনি শর্ত পূরণ হওয়ার পরই পাইপলাইন প্রকল্পটি এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। ট্রাম্পের ঘোষণার অন্য বিষয়গুলো নিশ্চিত করে সিউল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য টেক্সাসের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং আটটি পারমাণবিক চুল্লি নির্মাণে ১২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কা এলএনজি প্রকল্পটির বাণিজ্যিক কার্যকারিতা এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য যাচাই করতে পর্যালোচনা শুরু করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিনিয়োগ করা হবে কি না কিংবা বিনিয়োগের পরিমাণ কত হবে-এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংও এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, এলএনজি প্রকল্প ও পারমাণবিক চুল্লি নির্মাণ-উভয় ক্ষেত্রেই কাজ শুরুর আগে প্রকল্পগুলোর বাণিজ্যিক কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সিউলের বিশ্লেষকদের মতে, চুক্তির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য তৈরি হলে তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুই মিত্র দেশের মধ্যে বিরোধের কারণ হতে পারে।

আলাস্কা এলএনজি প্রকল্প বাস্তবায়িত হলে নর্থ স্লোপ থেকে আলাস্কার দক্ষিণ উপকূলে থাকা একটি তরলীকরণ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য ৮০৭ মাইল দীর্ঘ একটি পাইপলাইন নির্মাণ করা হবে। ওই কেন্দ্র থেকে এলএনজি এশিয়ার বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় প্রতিদিন প্রায় ৩৯০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস পরিবহনের পাশাপাশি বছরে সর্বোচ্চ ২ কোটি টন এলএনজি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

ট্রাম্প একাধিকবার এই প্রকল্পকে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বাড়ানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের একটি মাধ্যম হিসেবে তুলে ধরেছেন। তবে প্রকল্পটির ব্যয়, অর্থায়ন এবং বাণিজ্যিক সম্ভাব্যতা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখনো কাটেনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত