ভূমি অফিসে হাজিরায় জিও ফেন্সিং, বাইরে গেলে লাল সংকেত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T15:50:14+06:00
2026-09-17T15:50:14+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভূমি অফিসে হাজিরায় জিও ফেন্সিং, বাইরে গেলে লাল সংকেত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে এবং দায়িত্বে ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে ডিজিটাল নজরদারি ব্যবস্থা। ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর মাধ্যমে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্য থেকেই হাজিরা দিতে হবে তাদের। কর্মস্থলের বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ না থাকলেও অফিস চলাকালে অনুমতি ছাড়া কেউ বের হলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে লাল সংকেত।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মাঠ প্রশাসনের ভূমি কার্যালয়গুলোকে একই ডিজিটাল মনিটরিং ব্যবস্থার আওতায় আনা গেলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, তথ্যভিত্তিক তদারকি এবং নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি বাড়বে এবং মাঠপর্যায়ের ভূমিসেবা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আরও জোরদার হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত এবং ভূমিসেবা কার্যক্রমে জবাবদিহি বাড়াতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

তিনি জানান, জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা নিবন্ধন করতে পারবেন।

জিও ফেন্সিং হচ্ছে মানচিত্রের ওপর নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নির্ধারণের প্রযুক্তি। এ ব্যবস্থায় প্রতিটি ভূমি অফিসের চারপাশে নির্দিষ্ট ব্যাসার্ধের একটি ভার্চুয়াল সীমানা তৈরি করা হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর মোবাইল ফোনের অবস্থান ওই সীমানার মধ্যে থাকলেই অ্যাপে হাজিরা দেওয়ার সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর মাধ্যমে কর্মস্থলে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীরা চেক-ইন এবং কর্মদিবস শেষে চেক-আউট করতে পারবেন। একই অ্যাপ ব্যবহার করে ছুটির আবেদনও করা যাবে।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তা অফিস চলাকালে কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত দেখা যাবে। তবে অফিসে উপস্থিত থাকার পর সভা, তদন্ত কিংবা সরকারি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা অ্যাপের ‘সাইট ভিজিট’ অপশন ব্যবহার করে বের হওয়ার কারণ উল্লেখ করতে পারবেন।

তিনি বলেন, সাধারণত ভূমি অফিসে নাগরিকরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিসেবা নেন। তাই সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিত থাকা মানসম্মত সেবা নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত।

ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত বিস্তৃত মাঠ প্রশাসনের ভূমি কার্যালয়গুলো সরেজমিনে নিয়মিত তদারকি করা সময়সাপেক্ষ ও কঠিন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবস্থানভিত্তিক অনলাইন যাচাইয়ের মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা গেলে তদারকি কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে ব্যবস্থাটি ব্যবহারের অভিজ্ঞতা সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এরপর স্বল্পতম সময়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভূমি কার্যালয়কে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম-এই ছয় জেলায় ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পরীক্ষামূলক কার্যক্রম চলমান ছয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]