হাসিনা দেশে ফিরলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-20T17:10:19+06:00
2026-11-20T17:10:19+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
হাসিনা দেশে ফিরলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১০ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, বরং কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব শেখ হাসিনাকে দিতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাসের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আবদুস সালাম।

নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, গত কয়েক দিন ধরে পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। তিনি দেশে ফেরার কথা বলছেন। আমরাও চাই তিনি দেশে আসুন। এতে বাধা কোথায়? তিনি যে দেশে অবস্থান করছেন, যাওয়ার সময় তার ভিসা লাগেনি, আসার সময়ও লাগবে না। সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে দেশে এনে কারাগারে পাঠাবে। ভারতকেও তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সেটিই মূল বিষয়। তিনি এ দেশের মানুষের বুক খালি করেছেন, মায়েদের সন্তানহারা করেছেন। বাংলাদেশের ব্যাংকসহ সবকিছু খালি করেছেন। গুম-খুনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এত কিছুর পর তিনি কীভাবে সম্মানের সঙ্গে দেশে ফিরবেন, তা তাকে বুঝতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রশাসনকেও কার্যকর দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি। জনগণের বিপুল ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের গুণগান গাওয়ার সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা আওয়ামী লীগের প্রশংসা করছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

শেখ হাসিনার উচ্ছিষ্টভোগীরাই এখনো তার গুণগান করছেন বলে মন্তব্য করেন তিনি। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আবদুস সালাম বলেন, বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। ২৪ আগস্টের অভ্যুত্থান জনগণ ঘটিয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের পাশে রয়েছে। যারা এত দিন লুটপাট করেছে, তাদের টাকায় বিভিন্ন জায়গায় লোক ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু দলটি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি। শত বাধা-বিপত্তির মধ্যেও বিএনপি নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সারা দেশেও দলের নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

শেখ হাসিনার উদ্দেশে আবদুস সালাম বলেন, তিনি দেশে ফিরতে চাইলে আজই সন্ধ্যায় চলে আসতে পারেন। তবে তাকে কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। ফুলের মালা গ্রহণের কোনো সুযোগ নেই। যেসব মায়ের বুক খালি করেছেন, তাদের জবাব দিতে হবে। যাদের গুম করেছেন, তাদের বিষয়েও জবাব দিতে হবে। ক্ষমতায় থাকার কারণে এত দিন জবাব দেননি, এখন আর সেই সুযোগ নেই।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ অন্য নেতারা।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত