১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-20T16:55:25+06:00
2026-11-20T16:55:25+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৫ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রসঙ্গে শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে বাংলাদেশ জোরালোভাবে আলোচনা চালিয়ে যাবে। আইসিজের ঐতিহাসিক এই রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারে। এ লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ।

লিখিত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা যাতে যথাযথ ক্ষতিপূরণ পান, তা নিশ্চিত করতে জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো প্রক্রিয়ায় যাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ ক্ষেত্রে একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়।

তবে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং বেঁচে থাকা পরিবারগুলোর নতুন করে জীবন গড়তে সহায়ক অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে বাংলাদেশ বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

আইসিজের রায়ের বিষয়বস্তু তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

তিনি বলেন, আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। একই সঙ্গে কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিভিন্ন বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার সংকুচিত করা হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে।

হুমায়ুন কবির আরও বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অন্যান্য ব্যক্তির গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করার কথাও বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক।

প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ মামলার পক্ষ না হলেও পুরো বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান তিনি।

এদিকে, ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন হুমায়ুন কবির। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত