র‍্যাব বিলুপ্ত, নতুন নামে কার্যক্রম শুরু এসআরবির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T08:05:15+06:00
2026-09-17T08:05:15+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
র‍্যাব বিলুপ্ত, নতুন নামে কার্যক্রম শুরু এসআরবির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ এএম 
সংগৃহীত ছবি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এর আগে মঙ্গলবার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি হয়। এর মধ্য দিয়ে র‍্যাবের কার্যক্রম নতুন নামে পরিচালনার আনুষ্ঠানিক পথ তৈরি হয়।

এসআরবির বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ জানিয়েছেন, বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে। ২০০৪ সালের ২৬ মার্চ গঠনের পর র‍্যাব প্রায় সাড়ে ২২ বছর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষায়িত বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবির নিজস্ব পোশাক, লোগো, সদস্যদের ব্যাচ, যানবাহনের রংসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। এসব পরিবর্তন বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে। ফলে নতুন নামে কার্যক্রম শুরু হলেও প্রাথমিক পর্যায়ে মাঠপর্যায়ে র‍্যাবের বিদ্যমান সরঞ্জাম ও অবকাঠামো ব্যবহার করা হচ্ছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়। ওই বিলে র‍্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ এবং দায়-দেনা নতুন বাহিনীতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, র‍্যাবের বিদ্যমান কাঠামোর বড় একটি অংশ সরাসরি এসআরবিতে স্থানান্তর করা। আইনে র‍্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুযোগ-সুবিধা, তহবিল, নগদ অর্থ ও ব্যাংকে থাকা অর্থ, দায়-দেনা, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য দলিল তাৎক্ষণিকভাবে এসআরবির কাছে হস্তান্তর ও ন্যস্ত করার কথা বলা হয়েছে।

আইন অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্ধারিতসংখ্যক কর্মকর্তা, সশস্ত্র সদস্য বা কর্মচারীকে পদায়ন কিংবা প্রেষণে নিয়োগের মাধ্যমে ইউনিটটি গঠন করা যাবে।

এসআরবির সদস্যদের পদবিন্যাস, নিয়োগপদ্ধতি ও চাকরির শর্ত বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে। ইউনিটটির মহাপরিচালক হিসেবে পুলিশে কর্মরত অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিয়োগের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে এসআরবির জন্য নিজস্ব পতাকা, প্রতীক ও নির্ধারিত পোশাক রাখার কথা আইনে উল্লেখ করা হয়েছে।

নতুন এই ইউনিটকে মূলত জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং গুরুতর অপরাধ মোকাবিলায় বিশেষায়িত দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত দায়িত্বের মধ্যে রয়েছে বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা এবং নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ মোকাবিলা।

এ ছাড়া আইনশৃঙ্খলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার দায়িত্বও থাকবে এসআরবির। আদালত, সরকার অথবা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ইউনিটটি ফৌজদারি অপরাধের তদন্ত করতে পারবে।

আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ও সংশ্লিষ্ট আইন অনুসরণ করে তল্লাশি, গ্রেফতার ও আলামত জব্দের ক্ষমতাও থাকবে এসআরবির। এ ক্ষেত্রে ইউনিটের সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা তদন্তকারী কর্মকর্তার জন্য নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এসআরবি সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্যও আইনে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য একাধিক সদস্যের সমন্বয়ে কমিটি গঠনের বিধান রয়েছে। কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধানের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ওই কমিটি।

সদস্যদের পদোন্নতি, পদায়ন, বিভাগীয় শাস্তি, হয়রানি বা অন্যায্য আচরণসংক্রান্ত অভিযোগও এই ব্যবস্থার আওতায় থাকবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সদস্যদের বিরুদ্ধে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি বন্ধসহ বিভিন্ন ধরনের লঘু ও গুরুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিভাগীয় আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগও আইনে রাখা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]