রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ ও বাবুসেন্টু। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিন নামে এক ব্যক্তিকে মারধর ও গুলি করে কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। পরে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। এ সময় একটি ক্রসবডি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগ জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জ/উ