স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।
আজ রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। তারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখবেন।
বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি। এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট অন্যতম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব খাতে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে। বর্তমান সরকার এমনভাবে সমস্যাগুলোর সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে এসব ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করতে না হয়।
পুতুল বলেন, সমস্যা সমাধানের মধ্যবর্তী সময়ে দেশের মানুষকে কিছুটা কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ জন্য সরকার ও প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জ/উ