জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার স্থানান্তর করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণে স্থানান্তর করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করেন। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন। ঢাকা-৮ আসনের মধ্যে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড রয়েছে। আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।
নির্বাচনে পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপির মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে তিনি পরাজিত হন।
নির্বাচনের ফল অনুযায়ী, নাসীরুদ্দীন ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। আর বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে পরবর্তী সময়ে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পাটওয়ারী ভোট পুনর্গণনা এবং শপথ স্থগিত রাখার আবেদনও করেছিলেন।
তবে নির্বাচনের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা ঢাকা-৮ আসনের বাইরে থাকায় তিনি নিজের প্রার্থিতার আসনে ভোট দিতে পারেননি। ভোটের দিন তিনি জানিয়েছিলেন, আগে সবার ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি দেখছেন, পরে নিজের ভোট দেওয়ার কথা ভাববেন।
জ/রা