আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য ও বিভিন্ন অভিযোগ জানাতে গত আট মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ-বিদেশ থেকে এসব কল করা হয়।
সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট কলের মধ্যে আইনি পরামর্শ চেয়ে ৮৭০টি এবং মামলা সংক্রান্ত তথ্য জানতে ১ হাজার ১৩০টি কল আসে। এসব কলের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ৭৮৪টি কল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় হেল্পলাইন থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি।
মনিটরিং সেলের তথ্যে আরও জানা যায়, হেল্পলাইন নম্বর ‘১০৩’-এ কল করে কোনো প্রত্যুত্তর পাননি-এমন কলের সংখ্যা ৩ হাজার ৬৫২টি।
একই সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালতকে ঘিরে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব ও অসদাচরণ নিয়ে ১১৮টি অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ এবং দ্রুত মামলা নিষ্পত্তি সংক্রান্ত ৯৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। আরও ১২টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
অন্যদিকে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ সংক্রান্ত বাকি সাতটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চালু করা হয় হেল্পলাইন নম্বর ‘১০৩’।
বর্তমানে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপ সেবা পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘১০৩’ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।
জ/উ