জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T21:51:11+06:00
2026-09-03T21:51:11+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
র‍্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে বিলটি নিয়ে আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তারা সংসদীয় কমিটিতে দুই দিনের পরিবর্তে আরও কর্মদিবস দেওয়ার দাবি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী চার কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে ফেরত পাঠানোর প্রস্তাব দেন। চার কর্মদিবস সময় নির্ধারণ করে সর্বসম্মতিতে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আগস্টের ৮ তারিখ ২০২৪। বিরোধী দলের চীফ হুইপ সেই সরকারের উপদেষ্টা ছিলেন। আমি খুশি হতাম এই প্রস্তাবটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের এডভাইজরি বোর্ডে তিনি প্লেস করতেন।’

মন্ত্রী বলেন, ‘২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই তো হলো। এই র‍্যাব কিন্তু দায়িত্ব পালন করেছে। সেই ১৮ মাসে তাদের একবারও মনে হয়নি একটা অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করার? তখন ১৩৩টার স্থলে ১৩৪টা হতো অধ্যাদেশ। সেই অধ্যাদেশ তাহলে আমরা প্রথম অধিবেশনে বিবেচনায় নিতাম।’

র‍্যাব বিলুপ্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, জনপ্রত্যাশা ছিল র‍্যাব নামে কোনো সংগঠন থাকবে না, আমরা র‍্যাবটা বিলুপ্ত করছি। কিন্তু পুলিশ বাহিনীর অধীনে একটা এলিট ফোর্স দরকার।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে দেশে, সেটা ফাইট করার জন্য আমাদের যথেষ্ট উন্নত প্রযুক্তি ব্যবহার করা দরকার। সেটা আমরা করছি, সাইবার সিকিউরিটি ইউনিটও আমরা একটা রেজ করব সামনে। প্রয়োজন হয়ে গিয়েছে। আমরা জুয়া এবং মাদকের বিরুদ্ধে ফাইট করার জন্য আমাদের সাইবার সিকিউরিটি ইউনিট দরকার হয়ে গিয়েছে।’

সার্বিক বিবেচনায় র‍্যাবের সংগঠন বিলুপ্ত করে নতুন একটি এলিট ফোর্স গঠন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যার নাম প্রস্তাব হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।’

বিলে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। একই সঙ্গে এ বাহিনীর ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিলের ১ ধারায় বলা হয়েছে, এই আইন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ নামে অভিহিত হবে।

বিলের ৪ ধারায় বলা হয়েছে, ‘পুলিশ বাহিনীর আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে।’

সরকার প্রয়োজনের নিরিখে পুলিশ বাহিনী, শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, আর্মড পার্সোনেল বা কর্মচারী পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিট গঠন করবে। ইউনিটের সদর দপ্তর থাকবে ঢাকায়।

এসআরবিতে একজন মহাপরিচালক থাকবেন। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে সরকার কর্তৃক নিযুক্ত হবেন। মহাপরিচালক ইউনিটের প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করবেন।

বিলের ১০ ধারায় এসআরবির দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—‘জননিরাপত্তা রক্ষা’, ‘সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন’, ‘বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার’ এবং ‘মাদক, সাইবার অপরাধ, গুম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার, অপহরণসহ মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দায়িত্বও থাকবে ইউনিটটির।

আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ অনুসারে এসব অপরাধের তদন্তও করতে পারবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]