৪ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিশেষ এই দিনেই প্রকাশিত হবে মৌলিক গান ‘প্রেমলীলা’। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
‘প্রেমলীলা’ গানটির কথা লিখেছেন নির্মল দাস। এর সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানচিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব সাহা নিজেই।
গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘রাধা ও কৃষ্ণের প্রেমলীলা হিন্দু ধর্মে জীবাত্মার ও পরমাত্মার প্রতি চরম আকর্ষণের প্রতীক। এটি নিছক কোনো জাগতিক প্রেম নয়, বরং ঐশ্বরিক ভক্তি ও মিলনের সর্বোচ্চ পর্যায়।’
তিনি আরও বলেন, ‘কৃষ্ণ বৃন্দাবনে গোপাল হিসেবে বড় হন এবং রাধা ছিলেন বারসানার অধিবাসী। কৃষ্ণের মোহনীয় বাঁশির সুরে আকৃষ্ট হয়ে রাধা ও অন্যান্য গোপিকা যমুনার তীরে ছুটে আসতেন। বাঁশির প্রতিটি সুর যেন রাধার প্রতি কৃষ্ণের প্রেমের আহ্বান ছিল। আমরা গানে এ বিষয়গুলোই তুলে ধরেছি।’
জ/উ