দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটির আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।
একসময় মীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। টিআরপিতেও ছিল এর শক্ত অবস্থান। ‘মিরাক্কেল’-এর মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কমেডি শিল্পী। অনুষ্ঠান শেষ হওয়ার পরও তাঁদের অনেকে বিনোদন জগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তবে গত পাঁচ বছর ধরে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি জনপ্রিয় এই আয়োজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। একই সঙ্গে সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সেখানে একে অপরের সঙ্গে হাস্যরস ও পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় ফিরতে পারে ‘মিরাক্কেল’। তবে এবারের আসরে বিচারকের দায়িত্বে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও বিচারকের আসনে দেখতে চান অনেক দর্শক। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও নতুন আয়োজনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মতে, বর্তমান সময়ে টেলিভিশনের যেকোনো অনুষ্ঠানের দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়মকানুন ও বিষয়বস্তুর ব্যাপারে সতর্ক থাকতে হয়। এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী তিনি।
দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে ফিরে ‘মিরাক্কেল’ আবারও দর্শকদের ভালোবাসা অর্জন করবে বলে প্রত্যাশা করছেন অনুষ্ঠানটির পরিচালক।
জ/দি