পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের পান্নার লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দীপাবলি উপলক্ষে সাজসজ্জার অংশ হিসেবে লকেটটি পরেছিলেন তিনি। এতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ।
একই নোটিশ পাঠানো হয়েছে কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুরকেও। গত ১১ নভেম্বর পাঠানো নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়-এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা কাপুর। সেসব ছবিতে তাকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও একই রঙের পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।
কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে গয়নাটিকে ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে পরিচয় করিয়ে দেন। তার পোস্টে বলা হয়, কারিনা পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ির সঙ্গে ভোপালের নবাবের ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না পরেছেন। ওই পান্নায় আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
তবে কারিনার পোশাক কিংবা রাজপরিবারের অন্য কোনো গয়না পরা নিয়ে আপত্তি জানাননি আব্বাস হাফিজ। তার আপত্তির মূল কারণ, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি পোশাকের সঙ্গে যেভাবে উপস্থাপন করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, কোরআনের পবিত্র আয়াত লেখা কোনো অলংকার প্রকাশ্যে ব্যবহারের ক্ষেত্রে এর ধর্মীয় মর্যাদা ও পবিত্রতার প্রতি যথাযথ সম্মান দেখানো প্রয়োজন। কিন্তু কারিনার প্রকাশিত ছবি, পোশাকের ধরন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রেক্ষাপটে সেই সম্মানের প্রতিফলন ঘটেনি বলে মনে করেন নোটিশদাতা।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ইসলামী ধর্মীয় পণ্ডিতদের কেউ কেউ অলংকার হিসেবে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মতে, পবিত্র আয়াতের মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলা উচিত, যাতে এসব আয়াতের প্রতি অসম্মান প্রদর্শিত হওয়ার আশঙ্কা থাকে। তবে বিষয়টি নিয়ে ধর্মীয় মতভেদও রয়েছে বলে নোটিশে স্বীকার করা হয়েছে।
রিয়া কাপুরের দাবি, পান্নার লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানের পারিবারিক সূত্রের সঙ্গে গয়নাটির সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তিনি ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন। তাদের ছেলে মনসুর আলী খান পতৌদি, যিনি সাইফ আলী খানের বাবা। পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাটি সাইফের কাছে আসে এবং পরবর্তী সময়ে কারিনার ব্যবহারে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
নোটিশে ভোপালের বেগমদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঐতিহাসিক বিবরণ অনুযায়ী ভোপালের বেগমরা পর্দাপ্রথা অনুসরণ করতেন। তাই তাদের সঙ্গে সম্পর্কিত বলে পরিচিত এই গয়নাটি ব্যবহারের ক্ষেত্রে ধর্মীয় ও ঐতিহাসিক সংবেদনশীলতা বজায় রাখা উচিত ছিল।
আব্বাস হাফিজের অভিযোগ, লকেটটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের পাশাপাশি সাবেক ভোপাল রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও কষ্ট ও উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি জানিয়েছেন, ব্যক্তিগত সক্ষমতায় এ আইনি নোটিশ পাঠিয়েছেন। এটি কংগ্রেস দলের পক্ষ থেকে পাঠানো হয়নি।
নোটিশে কারিনা কাপুর ও রিয়া কাপুরের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে ফেলার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়-এমনভাবে তা উপস্থাপন করা হবে না, সে নিশ্চয়তাও চাওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জ/দি