নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
সুজনের স্ত্রী টুম্পা পালের ভাষ্য অনুযায়ী, রোববার ভোরে ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে বের হন সুজন। এ সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। একপর্যায়ে তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জ/শা