‘আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে’

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-10-19T13:42:20+06:00
2026-10-19T13:42:20+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
‘আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে’
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪২ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহিদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে সেটি গাদ্দারি করা হবে।’

প্রধানমন্ত্রী জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হননি।

তিনি বলেন, ‘আপনারা আজকে দাওয়াতে আসলেন না, ঠিক আছে সরকারের এই মঞ্চে বসার দরকার ছিল না। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা জুলাইকে ধারণ করেন আপনারা তো এসে জুলাই শহিদদের মানুষগুলোর সঙ্গেও বসতে পারতেন। কোথায়, আমরা তো আজকে আপনাদেরকে দেখছি না।’

বিরোধী দলের সঙ্গে সরকারের রাজনৈতিক দূরত্বের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই, ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব, যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধীদলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধীদলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন; সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকলে বোঝা যেত, তাঁরাও বিএনপির মতো জুলাইয়ের চেতনাকে ধারণ করেন।

সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।’

সরকার ও বিরোধী দলের জনসমর্থনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ভোট নিয়ে বিরোধী দল সংসদে বসেছে, আর জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি দল। সরকারি দল মানেই জনগণের প্রতিনিধিত্ব করে না, কিংবা তারা মানুষের স্বার্থ দেখছে না—এমন ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘বিরোধীদল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি বোধহয় দোষারোপ করা বা এই যে ব্লেমিং-এর যে রাজনীতি, এটি থেকে বোধহয় আমাদের এখন বের হয়ে আসা উচিত।’

জ/শা


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত