জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্যান্য

2026-08-30T20:49:08+06:00
2026-08-30T20:59:41+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
অন্যান্য
আইনজীবীর ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি জবি প্রশাসন
অপর ঘটনায় আইনজীবী সমিতির মামলা, এফআইআর নিতে নির্দেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৮:৫৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খন্দকার আহমেদ আল ইরফানের ওপর হামলার ঘটনায় প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে অপর এক আইনজীবীর উপর হামলার ঘটনায় আইনজীবী সমিতির করা মামলায় আদালত ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে ভাগিনার এলএলএমে ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ করেন আহমেদ আল ইরফান। তাঁর দাবি, তাঁকে ‘শিবির’ আখ্যা দিয়ে একদল ব্যক্তি ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।

হামলার সময় তাঁর মোবাইল ফোন, আইনজীবী সমিতির পরিচয়পত্র, মানিব্যাগ, ঘড়ি, এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার চার দিন পর ৮ আগস্ট কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আহমেদ আল ইরফান। জিডির নম্বর ৪২৬। পরে পুলিশ মোবাইল ফোন ছাড়া তাঁর বেশ কিছু মালামাল ও কাগজপত্র উদ্ধার করে ফেরত দেয়। তবে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, একজন আইনজীবী ও সরকারি কৌঁসুলির ওপর প্রকাশ্যে হামলার অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, সেটি বোধগম্য নয়।

অভিযোগে ৯ জনের নাম: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট প্রভোস্টের কাছে দেওয়া লিখিত অভিযোগে হামলায় জড়িত থাকার অভিযোগে নয়জনের নাম উল্লেখ করেছেন আহমেদ আল ইরফান। তাঁরা হলেন, জকসুর নেতা সাদমান সাম্য, পরিবহন সম্পাদক মাহিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কামরুজ্জামান সিয়াম, মার্কেটিং বিভাগের রেহমান মুস্তাফিজ, জীবন হোসেন, লোকপ্রশাসন বিভাগের আলিমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের জয় সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৌফিক আনাম এবং নৃবিজ্ঞান বিভাগের সাহারুল ইসলাম। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেন বলেও অভিযোগ করা হয়েছে। 

হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন ইরফানকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ কয়েকজন শিক্ষক। ভুক্তভোগীর দাবি, তাঁরা শিক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের ওপর আস্থা রাখতে অনুরোধ করেন। কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গত ২৭ আগস্ট অপর এক আইনজীবীর উপর হামলার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে কোতয়ালি আমলী আদালতে মামলা করা হয়। ২৪ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ কোতয়ালি থানা-পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই দিন আইনজীবী সমিতির সামনে একাধিক আইনজীবীর উপর হামলার প্রতিবাদে প্রতীকী অনশন ও প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। এতে সিনিয়র আইনজীবী জহিরুল হাসান মুকুল, লুৎফর ইসলাম আজাদসহ অন্যরা বক্তব্য দেন। তাঁরা আইনজীবীদের উপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের এখন আদালতের নির্দেশে মামলা গ্রহণের পর তদন্ত কত দ্রুত এগোয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনজীবী খন্দকার আহমেদ আল ইরফানের উপর হামলায় জড়িতদের বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে আইনজীবী মহল।


জ/বা




  বিষয়:   অন্যান্য  হামলা  আইনজীবী  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]