যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী এবং সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন তাঁকে লক্ষ্য করে স্লোগান দেন ও বিভিন্ন মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
ভিডিওতে থাকা ব্যক্তিদের আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস নিউইয়র্ক সফরে গেলে জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তাঁর সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয়। একই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।
জ/শা