সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কমিশনের লক্ষ্য, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করা।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ নানা সামাজিক ও ধর্মীয় উৎসবের বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতিতে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নভেম্বর মাসে যেন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ইসি। নভেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ করা সম্ভব হলে বা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা গেলে ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোট আয়োজন করা সম্ভব হবে।
নির্বাচনের সময়সূচি নির্ধারণের চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও দেশে নির্বাচনের সময়সূচি নির্ধারণের পুরো বিষয়টি শুধু নির্বাচন কমিশনের হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয় বিবেচনা করেই নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সিইসি। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।
জবাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিইসি বলেন, রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চান।
বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনেও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।
এই দুটি নির্বাচন সামনে রেখে খুব শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের প্রয়োজনীয় আনুষঙ্গিক কেনাকাটা বা প্রকিউরমেন্টের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিইসি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রসঙ্গে সিইসি আবারও জানান, প্রশাসনিক প্রস্তুতি শেষ হলেও পাবলিক পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জ/শা