পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পরও ঘটনাস্থলে তাপমাত্রা কমাতে পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম চলছিল।
ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য জানানো হয়নি।
জ/উ